admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৬ অপরাহ্ণ
ঢাকা টু নিউ জলপাইগুড়ি-চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। বাংলাদেশে ও ভারতের মধ্যকার বাণিজ্য ও পর্যটন বাড়াতে আরো একটি রেল যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। এবারের গন্তব্য ঢাকা থেকে সরাসরি নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আগামী ২৬ মার্চ থেকে এই রুটে ট্রেন চলাচল শুরু হবে। এর আগে এতদিন উভয় দেশের মধ্যে ঢাকা টু কলকাতা ও কলকাতা টু ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালু ছিল। এবার সেখানে আরো একটি রেলপথ চালু হলো। এ উদ্যোগের ফলে বাণিজ্য ও পর্যটন বাড়বে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
এ বিষয়ে এক যৌথ সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মোহাম্মদ শহীদুল্লাহ ইসলাম, ভারতের নর্থ ফ্রন্টিয়ার রেলের ডিভিশনাল ম্যানেজার রবীন্দ্র কুমার এবং শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শৈলেন্দ্র। সেখানে তারা বলেন, ট্রেনটির নাম ও টিকিটের মূল্য এখনো ধার্য করা হয়নি। তবে শিগগিরই এ কার্যক্রম সম্পন্ন করা হবে। ট্রেনটিতে মোট ১০টি কামরা রয়েছে। এটি ৯ ঘণ্টায় ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা নন-স্টপ যাত্রা করবে। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার ট্রেনটি চলাচল করবে বলে জানান কর্মকর্তারা।