admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ থেকে কাদের মির্জাকে অব্যাহতি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে লাগাতার সমালোচনা করে দেশব্যাপী আলোচনায় চলে এসেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সংগঠনবিরোধী বক্তব্য আর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এবার তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নোয়াখালী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল কাদের মির্জাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে দল থেকে তাকে বহিষ্কারের জন্য হাইকমান্ডের কাছে একটি সুপারিশ প্রেরণ করা হয়েছে।
আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। এ কারণে নিজ দলের বিরুদ্ধে তার একের পর এক বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন তুলেছিল। দীর্ঘ দুই মাস ধরে দেওয়া এমন বক্তব্যের পর অবশেষে তাকে সংগঠন থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হলো। এর আগে নিজের কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ এনে আজ শনিবার হরতাল ডেকেছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। উপজেলাজুড়ে ডাকা এই হরতালের সমর্থনে বের করা মিছিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়, লাঠিচার্যে আহত হন অন্তত ২০ জন। হরতাল পালন শেষে কাদের মির্জা বলেছেন, হামলা কিংবা বহিষ্কার করে আমাকে থামানো যাবে না।