admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ
সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছে খুচরা মূল্য ১৩৫ টাকা। অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল ভোজ্যতেলের লিটার প্রতি সর্বোচ্চ দামের সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। তেলের দাম স্থিতিশীল রাখতে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, দাম নির্ধারণের ক্ষেত্রে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতেই এ পদক্ষেপ। তাছাড়া সামনে রমজান মাস। বর্তমানে তেলের যথেষ্ট মজুদও আছে। সব হিসাব-নিকেশ করেই এ সিদ্ধান্ত। বাণিজ্যমন্ত্রী বলেন, শক্ত হাতে দাম নিয়ন্ত্রণ করা হবে। দাম কমলে কিংবা বাড়লে উভয় ক্ষেত্রেই বিবেচনা করা হবে। দেশে যে তেল ব্যবহার করা হয়, সেটার ৯০ শতাংশ বাইর থেকে আমদানি করতে হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার সয়াবিন (খোলা) মিল গেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা ও খুচরা মূল্য ১১৫ টাকা এবং বোতলজাত সয়াবিন মিল গেট মূল্য ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা ও খুচরা মূল্য ১৩৫ টাকা।
এ ছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিন মিল গেট মূল্য ৫৮৫ টাকা, পরিবেশক মূল্য ৬০০ টাকা ও খুচরা মূল্য ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশে ব্যবহৃত তেলের ৭০ শতাংশ পাম সুপার। যার প্রতি লিটার মিল গেট মূল্য (খোলা) ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ টাকা এবং খুচরা বাজারে ১০৪ টাকা মূল্য। মন্ত্রী বলেন, ”আন্তর্জাতিক বাজারে গত ৬ মাসে ৬৫ শতাংশ তেলের দাম বেড়েছে। শিপিং কস্টও বেড়েছে। এ ছাড়া জাহাজের তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে। আমদানিতে আরোপিত ভ্যাট ভোক্তার স্বার্থ বিবেচনা আরো বেশি যৌক্তিকহারে নির্ধারণের জন্য ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন- বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক বাবলু কুমার সাহা, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের পরিচালক মো. সফিউল আফসার তাজলিম, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, বিএফটিআই-এর পরিচালক মো. ওবায়দুল আজম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের সদস্য (বাণিজ্যনীতি) আবু রায়হান আলবেরুনী, এনবিআরের সদস্য (শুল্ক) সৈয়দ গোলাম কিবরিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. হাফিজুর রহমান, ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান, সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী, এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।