admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ
দেশে আবারও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো হলো। করোনাভাইরাসের চলমান মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে দেশের কওমি শিক্ষা ব্যবস্থা এর আওতাভুক্ত হবে না। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগেই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন যে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তাই আরেক দফা ছুটি বাড়ানো হবে এবং শিগগিরই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো আরো ইঙ্গিত দিয়েছে যে, দেশের করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো চিন্তা নেই।
উল্লেখ্য, দেশের করোনাভাইরাসের মহামারি শুরুর পর গত বছরের ১৭ মার্চ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। তার পর থেকে ধাপে ধাপে ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামীকাল (১৬ জানুয়ারি) শনিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা। তার আগেই আজ ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।