admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২০ ৯:১২ পূর্বাহ্ণ
আজ মঙ্গলবার ১৫ ডিসেম্বর রাজধানী ঢাকার কয়েটি অংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য এ সমস্যা হবে বলে জানিয়েছে তিতাস।
তিতাসের দেওয়া তথ্য মতে, যেসব এলাকায় আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো- আওরঙ্গজেব রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, রাজিয়া সুলতানা রোড, স্যার সলিমুল্লাহ রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে বিকেল ৪টার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।