admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২০ ৮:২০ পূর্বাহ্ণ
স্বামীর বিরুদ্ধে মামলার ব্যতিক্রমী রায়ে ভাঙন থেকে বাঁচলো ৫০ পরিবার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন ৫০ নারী। আদালত এসব মামলা আমলে নিয়ে শুনানিও করেন। কিন্তু শুনানি শেষে বিচারক আসামিদের দণ্ড দিয়ে কারাগারে পাঠাননি। বরং দাম্পত্য জীবনে ফিরে যাওয়ার শর্তে তাদের সবাইকে দিয়েছেন মুক্তি।
মুক্তির পর স্বামীদের ফুল দিয়ে বরণ করে নেন স্ত্রীরা, এই যুগান্তকারী রায় দেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন। তার এই ব্যতিক্রমী রায়ের ফলে ভাঙনের হাত থেকে বেঁচে যায় ৫০টি পরিবার। নিরাপদ আশ্রয় খুঁজে পায় বেশ কয়েকজন সন্তান।
আদালত সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার হয়ে নিজেরদের স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন ওই ৫০ নারী। তাদের অনেকের সন্তানও রয়েছে। কিন্তু এই মামলা দায়েরের পর তাদের সংসার ভাঙতে বসেছিল। অন্ধকার অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় তাদের সন্তানদের জীবন। স্ত্রীরাও হাঁটছিলেন ঘরছাড়া অনিশ্চিত জীবনের পথে।
তাই সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আসামিদের মুক্তি দেওয়া হয়। যাতে শান্তি ও সোহার্দ্যে ভরে উঠে আমাদের সমাজ-সংসার। শিশুরা খুঁজে পায় একটি নিরাপদ আবাসস্থল। এদিকে, মুক্তির পর আদালত প্রাঙ্গণেই স্বামী ও স্ত্রী একে অন্যকে ফুল দিয়ে নতুন জীবনে স্বাগত জানান। অনেকে আবেগে কান্নায় ভেঙে পড়েন। আদালতের এ ব্যতিক্রমী রায়ের প্রশংসা করেছে মামলার বাদী-বিবাদী পক্ষের আইনজীবীসহ আদালত প্রাঙ্গণে উপস্থিত সকলে।