admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২০ ৮:২৩ পূর্বাহ্ণ
উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াস। দেশে শীতের প্রকোপ ক্রমশ বাড়ছে। ইতোমধ্যে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সোমবার রাজশাহীর বদলগাছিতে সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, সোমবার রংপুরের তেতুঁলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঈশ্বরদী, দিনাজপুর, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল ও রাজারহাটে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও সন্দ্বীপে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলেন ওই কর্মকর্তা। রাতের তাপমাত্রা আরো কমতে পারে জানিয়ে তিনি বলেন, তবে বুধবার থেকে দিন-রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হালকা বৃষ্টির প্রভাব কেটে যাওয়ার কারণেই ঠাণ্ডার অনুভূতি বাড়ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিকে, ‘নিভার’ নামে আরো একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। তবে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি এখন নিম্নচাপে রূপ নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।