admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২০ ১০:০৫ পূর্বাহ্ণ
সিলেট বিভাগের মৌলভীবাজারে আলুর বাজারে ভোক্তার অভিযান জরিমানা। আলুর বাজারে ক্রমাগত আগুন থাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার শহরের আলুর বাজারে অভিযান চালিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসি এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে বৃহস্পতিবার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় জেলা শহরের পশ্চিমবাজার, বেরির পাড়, বাজার পয়েন্ট, সিলেট রোড, কুদরত উল্ল্যা রোডসহ অন্যান্য এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নির্ধারিত মূল্য থেকে অধিক দামে আলু বিক্রয়, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বাজার পয়েন্টে অবস্থিত সাইদ মিয়ার আলুর দোকানকে ৮ হাজার টাকা, বেরির পাড় সিলেট রোডে অবস্থিত মেসার্স নুসরাত সবজি স্টোরকে ৫ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত তৌহিদ সবজি ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার আরও জানায়, সরকার কর্তৃক পাইকারি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করলেও ৬০ কেজি ওজনের এক বস্তা আলু কেজি প্রতি ৩৯ টাকা দরে ক্রয় করতে বাধ্য হন এমনই অভিযোগ এনে সৈয়দ কুদরত উল্ল্যাহ রোডে অবস্থিত হাসান বাণিজ্যালয়ের বিরুদ্ধে জিতু তালুকদার নামে একজন অভিযোগকারী আগেই লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিদপ্তর।
ওই অভিযোগে হাসান বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগকারী জিতু তালুকদারকে জরিমানার ২৫ শতাংশের ৫ হাজার টাকা প্রদান করা হয়। অভিযানে সকল আলু ব্যবসায়ীকে সরকার নির্ধারিত দামে আলু ক্রয়-বিক্রয় করার জন্য অনুরোধ জানানো হয়। পৃথক অভিযানে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।