admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২০ ৮:৩৫ পূর্বাহ্ণ
রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ঢাকার ৪৭ জন এবং ঢাকার বাইরের ১ জন আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) ডেপুটি চিফ (মেডিক্যাল) ডা. এ বি মো. শামছুজ্জামান। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বছর ডেঙ্গু রোগী ও ডেঙ্গু সন্দেহে ৬৪২ জন ঢাকাসহ সারা দেশের হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে ৫৯০ জন হাসপাতাল ছাড়লেও ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, ধীরে ধীরে আরো বাড়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া ৬৪২ জনের মধ্যে জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৫৪ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে-তে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন, আগস্টে ৬৮ জন, সেপ্টেম্বরে ৪৭ জন ও অক্টোবরে ১৬৩ জন রয়েছেন।
এখন পর্যন্ত এ বছরে ডেঙ্গু সন্দেহে ৪ জনের মৃত্যু সংক্রান্ত তথ্য আইইডিসিআরে পাঠানো হয়। এর মধ্যে দুটি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে একটি ডেঙ্গুতে হয়েছে বলে জানানো হয়।