admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২০ ৯:৩০ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ ৮ জনকেই ঢামেকে স্থানান্তর। রান্না করার সিলিন্ডারের গ্যাস থেকে লাগা আগুনে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছে। শনিবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। এর মধ্যে ৮ জনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, আবদুস সালামের ঘরে থাকা রান্না করার সিলিন্ডারের পাইপে আগে থেকেই ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে পুরো রান্না ঘরে ছড়িয়ে ছিল। শনিবার দুপুরে তার স্ত্রী রান্না ঘরে গিয়ে চুলায় আগুন দিতে গেলে সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। একই পরিবারের ৯ জন দগ্ধ হন।
দগ্ধরা হলেন- আব্দুস সালামের স্ত্রী সিপাইনেছা (৫৮), তাদের দুই ছেলে কামাল (৩৫) ও আনোয়ার (১৭) এবং মেয়ে তাসলিমা (২৫)। এ ছাড়াও রয়েছেন দুই নাতি উম্মে হাবিবা ও উম্মে হানি এবং তাদের আত্মীয় পারভিন (১৫) ও জুয়েনাসহ (২০) মোট ৯ জন। ওসি জাকির আরো জানান, দগ্ধদের প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ৮ জনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।