admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২০ ১১:১২ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের কারণ গ্যাসের পাইপলাইনে ছিল ৬টি ছিদ্র। বিস্ফোরণের ঘটনায় সেখানে মাটি খুঁড়ে গ্যাস পাইপলাইনে ৬টি ছিদ্রের সন্ধান পেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার রাতে গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন তিতাসের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান সংস্থাটির জেনারেল ম্যানেজার (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল ওহাব তালুকদার।
লিকেজগুলো মেরামত করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে তিনি বলেন, তাদের গঠিত কমিটি গত রোববার থেকে ফিজিক্যালি কাজ শুরু করে। সেটি আজ শেষ হয়েছে। মসজিদের উত্তর পাশের মাটি কেটে গ্যাসের সংযোগ লাইন বের করে সেখানে ৬টি ছিদ্রের সন্ধান পাওয়া গেছে। তবে পূর্ব পাশের লাইনে কোনো লিকেজ পাওয়া যায়নি।
চারটি ক্ল্যাম লাগিয়ে লিকগুলো রিপিয়ার করা হয়েছে জানিয়ে তিতাসের এই কর্মকর্তা বলেন, এরপর লাইনে আবারো গ্যাস সংযোগ দেয়া হয়েছে। পাশাপাশি মসজিদের ভেতর তিন-চার ইঞ্চি পানি দিয়ে ভরার পর দেখলাম, কোনো লিক বের হচ্ছে না। আর তা সেখানে উপস্থিত থেকে দেখেছেন এনএসআই, পুলিশ, ফায়ার সার্ভিস এবং তিতাসের ব্যবস্থাপনা পরিচালক।
মসজিদ নির্মাণের জন্য সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ ও রাজউকের কোনো অনুমোদন ছিল না উল্লেখ করে তিনি আরো বলেন, মসজিদে দুটি বিদ্যুতের সংযোগ আছে। একটি বৈধ ও অপরটি অবৈধ। মসজিদ কমিটি বলেছে, যখন বিদ্যুৎ চলে যায় তখন তারা অবৈধ লাইনটি ব্যবহার করে। মসজিদে বিস্ফোরণ ওইদিন বিদ্যুৎ চলে যাওয়ার পর অবৈধ লাইনটিতে চেঞ্জওভার করার সময় স্পার্ক হয়ে মসজিদে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেয়া হতে পারে, যোগ করেন আব্দুল ওহাব।
গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ভেতরে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন এশার নামাজের জামাত মাত্র শেষ হয়েছে। এতে নামাজ পড়তে আসা অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হন। পরে গুরুতর আহত ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ২৮ জন। বাকিরা চিকিৎসাধীন আছেন।