admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২০ ৫:০৫ পূর্বাহ্ণ
দক্ষিণ কোরিয়ায় আবারো শুরু হয়েছে মরণঘাতী কভিড-১৯ সংক্রমণ। সর্বশেষ দেশটিতে যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একটি গির্জা থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এর ফলে দেশটিতে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় গির্জা থেকে ছড়াচ্ছে করোনা। জানা যায় দক্ষিণ কোরিয়ায় বিগত পাঁচ মাসের মধ্য গতকাল রোববার একদিনে সবচেয়ে বেশি করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এদিন দেশটিতে নতুন ২৭৯ জনকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আর আজ সোমবার আরো ১৯৭ জনকে শনাক্ত হয়েছে।
দেশটির সরকারি বার্তা সংস্থা ইওনহ্যাপের বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছে, নতুন করে দেশটিতে যেসব করোনার রোগী শনাক্ত হয়েছে, তাদের একটি বড় অংশের সঙ্গে সারাং জেইল নামে একটি গির্জার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গির্জাটির প্রধান যাজক রেভারেন্ড ইয়ুন কোয়াং-হো লকডাউনের তীব্র বিরোধী বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইওনহ্যাপ জানিয়েছে, নতুন করে যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে এই সারাং জেইল গির্জার সঙ্গে সংশ্লিষ্ট ৩১২ জন। দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, ওই গির্জাটিতে ৪ হাজার মানুষ প্রার্থনায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৩ হাজার ৪০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রেও একটি গির্জার সংশ্লিষ্টতা পাওয়া যায়। শিনচিওঞ্জি চার্চ অব জেসাস নামে একটি গির্জা থেকেই দেশটিতে প্রথম ভাইরাসটি ছড়িয়ে পড়ে। গির্জাটির সঙ্গে সংশ্লিষ্ট ৫ হাজার ২০০ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছিল।