admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২০ ৩:২১ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ইরানকে আটকাতে পারলো না। ইরানের ওপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার প্রচেষ্টা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার নিরাপত্তা পরিষদে সে চেষ্টা মুখ থবড়ে পড়ে। উত্থাপিত ওই প্রস্তাবে ১১টি দেশ ভোট দেয়া থেকে বিরত থেকেছে। পক্ষে-বিপক্ষে ভোট পড়েছে চারটি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মার্কিন প্রস্তাবে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেনি ১১টি রাষ্ট্র। পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক। আর বিপক্ষে ভোট দিয়েছে চীন ও রাশিয়া।
সিংহভাগ সদস্য ভোট না দেয়ায় প্রস্তাবটি প্রত্যাখ্যান হয়েছে। যার কারণে আগামী অক্টোবরে ইরানের ওপর দেয়া জাতিসংঘের অস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞাটি উঠে যাচ্ছে। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মুখ থুবড়ে পড়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, তারা এ সংক্রান্ত চেষ্টা অব্যাহত রাখবেন।
ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বলা হয়েছিল, তেহরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা ২০২০ সালের অক্টোবর মাসে উঠে যাবে। এরপর থেকে দেশটি বহির্বিশ্বের সঙ্গে সমরাস্ত্র বেচাকেনা করতে পারবে।
এর আগে গত মঙ্গলবারও এই নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সে প্রচেষ্টা ব্যর্থ হবে এমন সংশয়ে মার্কিনিরা তা বাতিল করে। এরপর সংশোধিত নতুন এক প্রস্তাব নিয়ে তারা হাজির হয়। কিন্তু সফল হতে পারলো না দেশটি।