admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২০ ৮:৪৮ অপরাহ্ণ
করোনা রোগীদের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ জেলার নবরংপুরে এ ঘটনা ঘটে। করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত বেসরকারি শ্রেই নামক হাসপাতালে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ওই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ফায়ার ইঞ্জিন এবং ১০টি অ্যাম্বুলেন্স ছুটে যায়। এ ঘটনায় ৩ নারীসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই হাসপাতালটির আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্রের বরাতে জানানো হয়েছে, হাসপাতালটিতে যখন আগুন লাগে তখন সেখানে ৪৫ জনের মতো রোগী ভর্তি ছিলেন। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সেটি। বাকি রোগীদের উদ্ধার করে সর্দার বল্লভ ভাই প্যাটেল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভারতের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে
খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালেও ঘটনাস্থলে থাকা দমকলকর্মীদের উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায়। এ সময় হাসপাতালের বাইরে রোগীদের উদ্বিগ্ন স্বজনদের ভিড় লক্ষ করা যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেইসঙ্গে আহতদের সুস্থতা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, ভারতের যে ১০ রাজ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম হলো গুজরাট। রাজ্যটিতে এ পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তবে এদের প্রায় ৪৮ হাজার সুস্থ হয়ে উঠেছে। ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছে ১৯ লক্ষ ৬৪ হাজার ৫৩৬ জন মানুষ। দেশটিতে এ পর্যন্ত মোট ৪০ হাজার ৬৯৯ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধু গুজরাট রাজ্যেরই ২ হাজার ৫৫৬ জন।