admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২০ ৭:০৩ অপরাহ্ণ
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠতে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার হওয়া ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্লোরোকুইন এবং ক্লোরোকুইনের কোনো কার্যকারিতা নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ শুক্রবার এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে সংস্থাটি।
তারা বলছে, করোনার চিকিৎসায় ওষুধটির কার্যকারিতা নিয়ে একটি গবেষণা চালানো হয়েছে। এতে দেখা যায়, কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন ও ক্লোরোকুইন ওষুধ কার্যকর নয়। ওষুধটি মূলত ম্যালেরিয়া, বাতজনিত রোগ লিউপাস ইরিথেমাটোসাস ও রিউম্যাটয়েড আরথ্রাইটিসের চিকিৎসায় কার্যকর ফলাফল দেয় বলে জানায় ডব্লিউএইচও।
তাদের গবেষণায় বলা হয়, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অসুস্থতা কমাতে কোনো ভূমিকা রাখে না হাইড্রোক্লোরোকুইন এবং ক্লোরোকুইন। এগুলো সাধারণত ম্যালেরিয়ার চিকিৎসায় বেশি ব্যবহার করা হয়। তখন রোগীর শরীরে স্বয়ংক্রিয়ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
এর আগে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে অনেক দেশেই আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন এবং ক্লোরোকুইন ওষুধ ব্যবহার শুরু হয়। বিভিন্ন দেশে এটির ব্যবহারও বাড়তে থাকে। তবে ওষুধ দুটি করোনাভাইরাসের ওপর ঠিক কীভাবে কাজ করে, তা নিয়ে উপযুক্ত কোনো প্রামাণিক দলিল ছিল না। দীর্ঘ গবেষণার পর অবশেষে সেটিকে করোনা চিকিৎসায় কার্যকারিতা নয় বলে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।