admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২০ ১২:১০ অপরাহ্ণ
বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে নমুনা পরীক্ষা ও করোনা রোগীদের চিকিৎসা দেয়ার নাম করে অধিক অর্থ আদায়সহ নানা অভিযোগ নিয়ে সরগরম দেশীয় গণমাধ্যমগুলো। এর মধ্যেই এবার অনুমতি দেয়া পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে করোনা টেস্ট স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও টেকনিক্যাল কমিটি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কোভিড-১৯ এর সভাপতি অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত পৃথক ৫টি চিঠিতে প্রতিষ্ঠান গুলোকে তাদের আরটি-পিসিআর ল্যাবে করোনা টেস্ট স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো – রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, আসাদগেটে অবস্থিত কেয়ার মেডিকেল কলেজ, স্টিমজ হেলথ কেয়ার, থাইরো কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার।
এ বিষয়ে চিঠিতে বলা হয়েছে, আপনার হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টারকে কোভিড-১৯ আরটি-পিসিআর ল্যাবরেটরি পরীক্ষার অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়েছেন। তাই করোনার নমুনা পরীক্ষা করার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হলো। তবে প্রতিষ্ঠানগুলো যদি পুনরায় পরীক্ষা করতে চায়, তাহলে তাদের ল্যাবরেটরি সম্পূর্ণভাবে কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে। পরে সেই সাপেক্ষে পুনরায় আবেদন করলে অনুমতি দেয়া হবে। এক্ষেত্রে কোভিড-১৯ আরটি-পিসিআর মেশিন এবং আমদানিকৃত কিটের অনাপত্তিপত্র ওষুধ প্রসাশন অধিদপ্তর হতে নিতে হবে। পরবর্তীতে সরেজমিনে পরিদর্শনের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।