নিজস্ব প্রতিবেদক || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ
প্রয়াত আইনজীবীদের মাগফিরাত, অসুস্থদের সুস্থতা ও আইনজীবী পরিবারের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ নং হলরুমে বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিয়মিত মাসিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিপুলসংখ্যক আইনজীবীর উপস্থিতি মিলাদ মাহফিলকে প্রাণবন্ত করে তোলে।
১ নং হলরুমের সভাপতি ডক্টর এড. শিব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাবলীল ও প্রাঞ্জল সঞ্চালনা করেন এড. সোহেল আহমেদ খান। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন এড. সেলিম মিয়া। মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রয়াত আইনজীবীদের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সঙ্গে অসুস্থ আইনজীবীদের দ্রুত সুস্থতা এবং দেশের সকল আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এড. আবুল আওয়াল, এড. জালাল উদ্দীন, এড. হাফিজুর রহমান খান, এড. স্বপন, এড. জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা এড. এম এ মজিদ, এড. মোহাম্মদ সালেক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন এম এ সালাম।
বক্তারা বলেন, নিয়মিত এ ধরনের মিলাদ ও দোয়া মাহফিল কেবল ধর্মীয় আয়োজন নয়; এটি আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পেশাগত ঐক্যকে আরও সুদৃঢ় করে। প্রয়াত সহকর্মীদের স্মরণ এবং অসুস্থদের জন্য সম্মিলিত প্রার্থনা আইনজীবী সমাজের মানবিক মূল্যবোধেরও বহিঃপ্রকাশ। বক্তারা আরও বলেন, ১ নং হলরুমের সভাপতি ডক্টর এড. শিব্বির আহমদের নেতৃত্বে বর্তমান কমিটি দীর্ঘদিন ধরে আইনজীবীদের কল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন সেবামূলক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও বিনোদনমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এসব উদ্যোগে আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে ১ নং হলরুমের কার্যক্রম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সকল সদস্যের মধ্যে ব্যাপক প্রশংসা ও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আলোচনা শেষে হাইকোর্ট মাজার শরীফ মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের মিলাদ পরিচালনা করেন এবং দেশ, জাতি, বিচার বিভাগ, আইনজীবী সমাজ ও তাঁদের পরিবারের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। সমাপনী বক্তব্যে সভাপতি ডক্টর এড. শিব্বির আহমদ অনুষ্ঠানে আইনজীবীদের ব্যাপক উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আইনজীবীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আগামী ৬ আগস্ট অনুষ্ঠিতব্য পরবর্তী মাসিক মিলাদ ও দোয়া মাহফিলে সকল আইনজীবীকে উপস্থিত থাকার আন্তরিক আহ্বান জানিয়ে তিনি আজকের সভার সমাপ্তি ঘোষণা করেন।উপস্থিত আইনজীবীদের মতে, ধর্মীয় মূল্যবোধ, মানবিক দায়বদ্ধতা এবং পেশাগত সম্প্রীতির সমন্বয়ে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।