admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২১ ১:১১ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিতে আবেদন। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে অনুমতি পেতে সরকারের কাছে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানা গেছে। মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। খালেদা জিয়ার পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার বোন সেলিমা ইসলাম তাকে (খালেদা) চিকিৎসার জন্য বিদেশে (লন্ডন) নিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানায় সূত্র।
জানা যায়, গত ১০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। গত ১৫ এপ্রিল সিটিস্ক্যান করার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরদিনই সেলিমা ইসলাম ওই আবেদন করেন। এদিকে, গত ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পজিটিভ রিপোর্ট আসলে খালেদা জিয়াকে গত ২৭ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২ মে আবারো করোনা টেস্ট করা হয়। এতেও তার রিপোর্ট পজিটিভ রিপোর্ট আসে। যদিও বিএনপি নেতা ও খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, তার কোনো উপর্সগ নেই এবং তিনি ভালো আছেন।
এদিকে, এই অবস্থার মধ্যেই সোমবার শ্বাসকষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। জানা গেছে, শ্বাসকষ্ট কমাতে খালেদা জিয়াকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা খুব বেশি ভাল না। দলীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান বিশেষ বিমানে করে তাকে (খালেদা) সেখানে (লন্ডন) নিয়ে গিয়ে চিকিৎসা করাতে চান।
এ ব্যাপারে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত (গ্রিন সিগন্যাল) পেলেই বিশেষ বিমানে যেকোনো সময় বিএনপি নেত্রীকে লন্ডন নেওয়া হতে পারে। তবে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। অন্যদিকে, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।