admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
সংসদে বিল পাস মহাসড়কে টোল আদায়ের। দেশের মহাসড়ক ও এক্সপ্রেসওয়ে তৈরি, রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে ‘মহাসড়ক বিল’ পাস হয়েছে আজ শনিবার। সড়ক ব্যবস্থাপনায় বিলটি প্রস্তাব করা হলে কণ্ঠভোটে পাস হয়। এদিন জাতীয় সংসদে মহাসড়ক বিলটি প্রস্তাব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে প্রস্তাবিত মহাসড়ক বিল পাসের জন্য জনমত যাচাই প্রস্তাব করা হয় জাতীয় সংসদে। সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিলে নিয়ম অমান্য করলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এ অনুযায়ী, সড়ক বা মহাসড়কে প্রবেশ এবং মহাসড়কের সঙ্গে এক্সপ্রেসওয়ে ঘোষণা করার বিষয়টি গেজেটে প্রকাশ করবে সরকার। সড়ক বা মহাসড়ক পরিচালনা এবং টোল নেয়ার বিষয়টিও উল্লেখ করা হবে তাতে। বিলে জলবায়ু পরিবর্তনের ক্ষতির দিকটি বিবেচনা করে সহনশীল টেকসই অবকাঠামো নির্মাণ করার কথাও রয়েছে। প্রতিবন্ধী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের মহাসড়কের নির্দিষ্ট স্থান ব্যবহারে পদক্ষেপ নেয়া, নির্ধারিত জায়গা ছাড়া গবাদিপশু চরানো, প্রবেশ করানো বা পারাপার না করার কথা বলা হয়েছে বিলে। এ নিয়ে মতামতের আলোচনায় বিএনপির সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা অভিযোগ করেন, পরিবহন মালিক-শ্রমিকদের চাপে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনটি সংশোধন করে শাস্তি কমানো হচ্ছে। এটি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। তবে এই অভিযোগ অস্বীকার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আইনটিতে সাজার শৈথিল্য বা কঠোরতা শিথিল করা হয়নি। আসল আইনের স্পিরিটই আছে, সেটা থাকবে। কেবল ভাষা ও প্রতিশব্দগত বিষয় এবং প্রতিবেশী অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্যবিধান করা হয়েছে। কারো সঙ্গে প্রতারণা করা হয়নি, এই সরকার জনস্বার্থে কাজ করছে।