admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২১ ৮:৫০ পূর্বাহ্ণ
রাজধানী ঢাকার শহীদ জিয়া শিশুপার্কের নাম বদলে ফেলা হয়েছে! শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশুপার্কের নাম বদলে ফেলা হয়েছে। এটির নাম এখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক। বৃহস্পতিবার বিষয়টি অনুমোদন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএসসিসি। সংস্থাটির দ্বিতীয় পরিষদের ১১তম বোর্ড সভায় পার্কটির নাম বদলের বিষয়টি তোলা হলে চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়। এতে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসসহ এই সিটির ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন এই সভায়। এর আগে গত ২২ ডিসেম্বর এ সংক্রান্ত সুপারিশ করে নামকরণের বিষয়ে গঠিত উপ-কমিটি। সেদিনই এটি প্রস্তাব আকারে নিয়ে করে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, বিষয়টি অনুমোদনের জন্য বোর্ড সভায় তোলা হয়।ডিএসসিসি এলাকার সড়ক, ভবন ও স্থাপনা নামকরণের বিষয়ে উপ-কমিটি করা হয়েছে।
এই কমিটিই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে থাকা শিশুপার্কটির নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক করার বিষয়টি সামনে আনে। আধুনিকায়নের নামে দীর্ঘ ৩ বছর ধরে ঢাকার জনপ্রিয় পার্কটি বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। এমনকি চলমান সংস্কারকাজ শেষ হতে নাকি আরো ৩ বছরের মতো সময় লাগবে, বলছেন সংশ্লিষ্টরা। ১৯৭৯ সালে শহীদ জিয়া শিশু পার্ক প্রতিষ্ঠিত হয়।