admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২১ ৭:২২ অপরাহ্ণ
মাশরাফি পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বর্তমানে যতটা না ক্রিকেটার, তার চেয়ে অনেক বেশি রাজনীতিক। স্বাভাবিকভাবেই তার ওপর নতুন আরেকটি দায়িত্ব বর্তেছে। আজ শনিবার (২৭ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে তাকে। এর আগে মাশরাফিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছিল।
সংসদ সদস্য পদের বাইরে এবার আরও দুটি দায়িত্বও সামলাতে হবে তাকে। কিছুদিন আগে মারা গেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টাঙ্গাইলের সংসদ সদস্য একাব্বর হোসেন। তার মৃত্যুতে কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় পার্টির রওশন আরা মান্নানকে। অন্যদিকে, পরিকল্পনা মন্ত্রণালয়ে রওশন আরার স্থলাভিষিক্ত হয়েছেন মাশরাফি।
শনিবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তারপর সর্বসম্মতিক্রমে কমিটি দুটি গঠিত হয়। এর ফলে সংসদীয় কমিটির সভাপতি পদে বিরোধী দলের আরও একজন যুক্ত হলেন।