admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২১ ৯:৩০ পূর্বাহ্ণ
বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভারত সফরে গেলেন। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন। আজ শনিবার, ২৩ অক্টোবর, ঢাকা ছেড়েছেন তিনি। ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কারাম্বির সিংয়ের আমন্ত্রণে দেশটি সফরে গেলেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর, এ তথ্য জানিয়েছে। আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নৌবাহিনী প্রধানকে বিদায় জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা।
জানা যায়, ভারত সফরকালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কারাম্বির সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সঙ্গে ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল, পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, প্রতিরক্ষা সচিব অজয় কুমার, ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ, কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের নৌপ্রধান।
এ ছাড়া ভারত মহাসগর অঞ্চলের তথ্য একীকরণ কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। আশা করা হচ্ছে, নৌবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্কের উন্নয়ন ঘটবে। একই সঙ্গে প্রশিক্ষণ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রীয় এই সফর শেষে নৌবাহিনী প্রধান আগামী ২৯ অক্টোবর ঢাকায় ফিরবেন বলে জানিয়েছে আইএসপিআর।