admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলে তিন নতুন মুখ আনতেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো ডাক পেলেন তিন তরুণ। এরা হলেন শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ। যথারীতি নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এছাড়াও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ার কারণে অবধারিতভাবেই দলে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। এর আগে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ২২ তারিখ একই ভেন্যুতে। পঞ্চাশ ওভারের শেষ ম্যাচটি হবে ২৫ জানুয়ারি চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশের ওয়ানডে দলের স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।