admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২১ ৬:০২ অপরাহ্ণ
বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদের মরদেহ দাফন ঢাকায় বনানীতে। হার্ট অ্যাটাক করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউমের মরদেহ ভারতের নাগপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে মরদেহ বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।
এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সদস্যরা। ক্যাপ্টেন নওশাদের মরদেহে শ্রদ্ধা জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলামসহ অন্যান্যরা।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, অত্যন্ত চৌকস একজন পাইলটকে হারালাম আমরা। ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমকে বনানী কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে। জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি গত ২৭ আগস্ট সকালে ওমানের মাস্কাট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।
মাঝপথে পাইলট নওশাদ হার্ট অ্যাটাক করলে সেকেন্ড পাইলট জরুরি ভিত্তিতে বিমানটি ভারতের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান। এরপর নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয় ক্যাপ্টেন নওশাদকে। সেখানে তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেছেন তিনি। একদিন পর আজ তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হলো।