admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২১ ১০:১৩ পূর্বাহ্ণ
বাংলাদেশে করোনার কারণে আঙ্গুলের ছাপের জন্য আটকা পড়া ১২ লাখ ৪৫ হাজার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু হচ্ছে, যা শেষ হতে প্রায় ৬ মাস সময় লাগবে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই কার্যক্রম চালাবে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এসব লাইসেন্সের মধ্যে দেড় লাখের বেশি রয়েছে বিদেশযাত্রীদের। সম্প্রতি রাজধানীর পল্লবীতে এনরোলমেন্ট স্টেশনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের আঙ্গুলের ছাপ নেয়ার হচ্ছে।
সেনাবাহিনীর অধীনে থাকা মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে বিআরটিএ। এর ফলে দীর্ঘ দিন ধরে আটকে থাকা স্মার্ট লাইনেন্স নিয়ে সংকট কাটতে চলেছে। এ বিষয়ে বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস বলেন, এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আটকে থাকা ড্রাইভিং লাইসেন্সগুলো ধাপে ধাপে দেয়া হবে।
এ জন্য প্রয়োজনীয় সকল প্রস্ততি নেয়া হয়েছে এরইমধ্যে। সে অনুযায়ী পুরো কার্যক্রম এগিয়ে যাচ্ছে। প্রায় দুই বছর ধরে একান্ত প্রয়োজন ছাড়া কাউকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে না বিআরটিএ। এই সময়ে লাইসেন্সের জন্য আবেদনকারীদের যে অন্তর্বর্তীকালীন প্রাপ্তি স্বীকার রশিদ দেয়া হয়েছে, সেগুলোই ব্যবহৃত হচ্ছে।
লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরেও এখনো লাইসেন্স পায়নি ১২ লাখ ৪৫ হাজার গাড়িচালক। সম্প্রতি লাইসেন্স কেন ইংরেজিতে দিতে হবে, প্রশ্ন তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি এখন বাংলায় দিতে হবে, দ্রুত দেয়ার ব্যবস্থা করতে হবে। এভাবেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশনা দেয়া হয়।