admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২১ ১১:১৫ পূর্বাহ্ণ
বাংলাদেশে গণ অধিকার পরিষদের তেল-গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়ায় লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে অবিলম্বে না কমালে লাগাতার কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে গণ অধিকার পরিষদ। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ সতর্কবার্তা দেন দলটির নেতারা। সমাবেশে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, তেল-গ্যাসের দামবৃদ্ধি এবং নিত্যপণ্য ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে কেন? কারণ হলো- বাজারের ওপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।
যে যেভাবে পারছে লুটেপুটে খাচ্ছে, তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ অবৈধ, জবাবদিহিহীন ও ভোট ডাকাত সরকার। দেশের জনগণকে কষ্ট দিয়ে এই সরকার এক মুহূর্তের জন্য ক্ষমতায় থাকতে পারে না উল্লেখ করে তিনি আরো বলেন, আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই। আমাদের সবচেয়ে বড় শক্তি এই তরুণ্যকে কখনোই দমন করতে পারেনি সরকার।
জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেন, গত ৭ বছর বিশ্ববাজারে তেলের মূল্য কম থাকায় ৪০ হাজার কোটি টাকা লাভ করছে। তা দিয়ে ৬ মাস ভর্তুকি দেয়া গেলেও জনগণের পকেট কাটার পথ বেছে নিয়েছে সরকার। তেল-গ্যাসসহ নিত্যপ্রণ্যের দাম না কমালে লাগাতার কর্মসূচি দেয়া হবে।
সমাবেশে সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ আতাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সাদ্দাম হোসেন, সোহরাব হোসেন, সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, সহকারী সদস্য সচিব শেখ খাইরুল কবিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।