admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২১ ৯:১২ অপরাহ্ণ
বাংলাদেশে আগামী রোববার পর্যন্ত চলবে পরিবহন ধর্মঘট। চলমান পরিবহন ধর্মঘট আগামী রোববার, ৭ নভেম্বর, পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার, ৫ নভেম্বর, সকাল ৬টা থেকে সারাদেশে বাস ও ট্রাক ধর্মঘট শুরু করেছে বিভিন্ন পরিবহন মালিক সমিতি। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজ শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন জানিয়েছেন, চলমান পরিবহন ধর্মঘট আগামী রোববার পর্যন্ত চলবে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সেভাবে কোনো প্রস্তাব আসেনি। আগামী রোববার মিটিং হবে এবং সে পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। অপরদিকে, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার আজ সন্ধ্যায় বলেন, সরকার যতক্ষণ আমাদের সিদ্ধান্ত মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
প্রতিবেশী দেশ ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ধর্মঘট ডেকেছিল পরিবহন মালিকরা। পরে জনগণের কথা ভেবে তেলের দাম আগের মূল্যই বহাল রাখে দেশটির সরকার। সুতরাং তারা পারলে আমরা কেন পারবো না। প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিকরা আজ শুক্রবার সকাল থেকে সারাদেশে বাস ও ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে রাজধানী ঢাকাসহ সারাদেশেই চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এমনকি এদিন বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। পরিবহন না চলায় চরম ভোগান্তিতে পড়েন তারা।