admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২১ ৯:৫৩ পূর্বাহ্ণ
বাংলাদেশের নতুন সচিব পেয়েছে পাঁচ মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, সেতু বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ (বিপিএটিসি) কেন্দ্রের নতুন রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বক্কর ছিদ্দীককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব হিসেবে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম কৃষি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ পেয়েছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পাঠানো হয়েছে।
এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রামেন্দ্রনাথ বিশ্বাসকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরে অন্য এক আদেশে বিএআরসির নির্বাহী চেয়ারম্যানের মেয়াদ বাড়িয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান (গ্রেড-১) শেখ মোহাম্মদ বখতিয়ারকে আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। ৩১ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা ছিল।