মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় ‘লাক জোন’ নামের একটি দোকানে যান। সেখানে কাওছার, বাধন, সাদিক ও আরও একজন উপস্থিত ছিলেন।
পরে তারা মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে। এরপর রাত ১০টা ১৫ মিনিটের দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে যায়। সেখানে রকি নামে আরও একজন যোগ দেন। ভুক্তভোগীর অভিযোগ, ওই ভবনে মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে বাধন তরুণীকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকায় পৌঁছালে তিনি চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এ সময় বাধন সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।