মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মে, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ৪ মে বিকেল ৫টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ রহমত উল্লাহ মানিকের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মহাস্থান ফ্লাইওভারের পূর্ব পাশে একটি চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—দুপচাঁচিয়া উপজেলার আমসত্ত উত্তরপাড়া এলাকার মোছাঃ মিনুকা (৩৪), মহাস্থান প্রতাপবাজু এলাকার মিলন প্রাং (৩২), টিটু প্রাং (৪৮), অনন্তবালা গ্রামের জাকের আলী (২৭), রকি ইসলাম (২৫) এবং আপেল মাহমুদ (২৯)।
অভিযান শেষে তাদের বগুড়া ডিবি কার্যালয়ে নেওয়া হলে একটি প্রভাবশালী মহল তাদের ছাড়িয়ে আনার চেষ্টা চালায় বলে জানা গেছে। তবে পুলিশ কোনো চাপের তোয়াক্কা না করে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে।
পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দারা মহাস্থানকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ কামনা করেছেন।