admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫৬ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন । আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবতরণ করার কথা রয়েছে। সেখানে দুদিনের যাত্রাবিরতি করবেন তারা। সফরসূচি অনুযায়ী, হেলসিঙ্কি থেকে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন বাংলদেশের সরকার প্রধান ও তার সফরসঙ্গীরা। নিউইয়র্কে অবস্থান করবেন ১৯-২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্ক থেকে সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফেরার পথেও ফিনল্যান্ডে যাত্রা বিরতি করবেন। সবশেষ আগামী ১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে প্রায় দুই বছর পর প্রথমবারের মতো বিদেশ গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বছর জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে যোগ দেয়া হয়নি তার। অবশ্য সেই অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, এ পর্যন্ত জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ১৮ বারের মতো বৈশ্বিক এ সংস্থাটির অধিবেশনে ভাষণ দেবেন তিনি।