admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২১ ১০:০৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও ফ্রান্স সফরে যাচ্ছেন। চলতি মাসের শেষের দিকে স্কটল্যান্ড সফরে যাচ্ছেন। সেখানকার গ্লাসগোতে আগামী মাসের শুরুতে জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগদান শেষে লন্ডন এবং সেখান থেকে প্যারিস যাবেন তিনি। এ উপলক্ষে আগামী ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী স্কটল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
রোমানিয়া ও সার্বিয়া সফর শেষে দেশে ফেরার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কপ-২৬ সম্মেলনে যোগ দিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। আগামী ১ থেকে ৩ নভেম্বর কপ-২৬ সম্মেলনের উচ্চ পর্যায়ের ইভেন্টে যোগ দেবেন তিনি। ক্লাইমেট ভালনারেবল ফোরামের, সিভিএফ, প্রেসিডেন্ট হিসেবে সেখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড. মোমেন বলেন, জলবায়ু সম্মেলন চলাকালে গ্লাসগোতে আমরা একটা সাইড ইভেন্ট করার চেষ্টা করছি। সিভিএফ ও কপ-২৬ হাই লেভেল সামিট হবে এটা, যা আমরা জয়েন্টলি করব।
পাশাপাশি আরও কিছু প্রস্তাব আসছে, সেটা নিয়েও কাজ করছি আমরা। প্রসঙ্গত, আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬। এতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে লন্ডনে তার দ্বিপাক্ষিক বৈঠক করার চেষ্টা করা হচ্ছে। অবশ্য এখনো এটা চূড়ান্ত নয়, তবে আমরা আশা করছি চূড়ান্ত হয়ে যাবে। তাদের পক্ষ থেকে এখনো তেমন কিছু বলা হয়নি। ব্রিটিশরা অবশ্য চায় যে, গ্লাসগোতেই দুই নেতার দেখা হয়ে যাক। তবে আমরা চেষ্টা করছি যেন সেটা লন্ডনে হয়। আশা করছি, লন্ডনেই তাদের সাক্ষাৎ হবে।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী লল্ডন সফর শেষ করে আগামী ৯ অথবা ১০ নভেম্বর ফ্রান্সে যাবেন। প্যারিসে বঙ্গবন্ধুর নামে ইউনিসেফ যে অ্যাওয়ার্ড অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স চালু করেছে; আগামী ১১ নভেম্বর সেটা দেওয়া হবে। ওই অনুষ্ঠানে যোগ দিতেই প্যারিস যাবেন প্রধানমন্ত্রী। ইউনিসেফ এ আয়োজনটা করছে।