admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২১ ১০:৩৭ পূর্বাহ্ণ
বাংলাদেশের প্রধানমন্ত্রী মালদ্বীপ যাচ্ছেন। আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর তিনি দ্বীপ রাষ্ট্রটি সফর করবেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ সলিহ চলতি বছরের মার্চে ঢাকা সফর করেন। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে নিউ ইয়র্কে দুই নেতার মধ্যে বৈঠক হয়।
সেই হিসেবে প্রধানমন্ত্রীর এবার ফিরতি সফর হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, বাংলাদেশ সব সময় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে গুরুত্ব দিয়ে থাকে। এ কারণে এ বছরের মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত উৎসবে ৫টি প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়। ওই সময় ঢাকায় এসেছিলেন নেপালের রাষ্ট্রপতি এবং ভারত, শ্রীলঙ্কা ও ভুটানের প্রধানমন্ত্রী।
এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত মাসের শেষ দিকে মালদ্বীপ সফর করে। ওই সময় প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের বিষয়েও আলোচনা করে প্রতিনিধি দলটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা এ বিষয়ে বলেন, মালদ্বীপের সঙ্গে বাণিজ্য, কানেক্টিভিটি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন সফর এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।