এনামুল হক, স্টাফ রিপোটার নওগাঁ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিমের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়।
সাপাহার উপজেলা পরিষদ চত্বরে রোপণের জন্য ২৬টি গাছের চারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের হাতে তুলে দেন আব্দুর রহিম।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রোপণের জন্য ১৫টি, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ১২টি, মির্জাপুর দাখিল মাদ্রাসায় ১৫টি এবং গৌরীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা করতে হবে।”
তিনি আরও বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের আশপাশ সবুজে ভরে উঠবে। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, সাপাহারের বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা মোট ১০৩টি গাছের চারা রোপণ করা হবে।