সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
পঞ্চগড়ে প্রশাসনিক কাজের সুবিধার্থে তেঁতুলিয়া ও তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করেছে সরকার। বুধবার (২৪ জুন) বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বহুল বিতর্কিত ইউএনও আফরোজ শাহীন খসরুকে বদলি করা হয়েছে। তাকে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইউএনও মো. মোনাববর হোসেনকে তেঁতুলিয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
পাশাপাশি সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও ভোগ করবেন।
রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুস সাদাত রত্ন স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে।