পজিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বর্ণের মূর্তি ও কথিত প্রাচীন কয়েন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্বর্ণ সদৃশ মূর্তি, কথিত পুরাতন কয়েন এবং একটি পিতল সদৃশ পুরাতন কলস উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ জুলাই) ঠাকুরগাঁও জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রানীশংকৈল উপজেলার কোচল এলাকার মো. জাহাঙ্গীর আলম (৩৬) ও মোছা. সীমা বেগম (৩২)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় কথিত প্রাচীন মহামূল্যবান বস্তু ও স্বর্ণের মূর্তি বিক্রির নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল রানীশংকৈল উপজেলার কোচল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রতারক চক্রের এই দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা নকল স্বর্ণের মূর্তি, পিতলের কলস ও কথিত প্রাচীন মুদ্রা জব্দ করা হয়, যা তারা খাঁটি বা মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে দেখিয়ে মোটা অঙ্কের টাকায় বিক্রির পরিকল্পনা করছিল।
ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সহজ-সরল মানুষকে অলৌকিক গুপ্তধন ও কোটি টাকার স্বর্ণের মূর্তির লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রানীশংকৈল থানায় একটি নিয়মিত প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
এ ধরনের প্রতারক চক্র থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুলিশ প্রশাসন জানায়, জেলাজুড়ে অপরাধ ও প্রতারণা দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।