মনসুর আহাম্মেদ,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলবার উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভেলাতৈড় এলাকায় লাচ্ছি নদীর পাড় থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের ভেলাতৈড় এলাকায় লাচ্ছি ব্রিজের পাশে পলিথিনে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পীরগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করে। তবে উদ্ধারকৃত রিভলবারটিতে কোনো গুলি ছিল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ব্রিজের পাশ থেকে পলিথিনে মোড়ানো একটি পুরাতন রিভলবার উদ্ধার করেছি। এটি এখানে কীভাবে এলো বা এর মালিক কে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে। অস্ত্রটির উৎস এবং এর মালিকানা শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।