নিউজ ডেক্স || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
১৩ আগস্ট ২০২৬ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর আসামিদের কারাগার থেকে দ্রুত মুক্তির প্রক্রিয়া সহজ করতে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে অনলাইন ই-বেইল বন্ড (e-Bail Bond) সেবা। নতুন এই ব্যবস্থায় জামিনসংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি সচিবালয় থেকে ঠাকুরগাঁওসহ দেশের ১২টি জেলায় একযোগে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সংশ্লিষ্টরা জানান, ই-বেইল বন্ড চালুর ফলে আদালত থেকে জামিনের আদেশ দেওয়ার পর বেইল বন্ড দাখিল এবং প্রয়োজনীয় নথিপত্র আদান-প্রদানের কাজে আগের তুলনায় কম সময় লাগবে। ফলে জামিনপ্রাপ্ত ব্যক্তির কারাগার থেকে মুক্তির প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
নতুন এই ডিজিটাল সেবার মাধ্যমে জামিনসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রমে সময় ও জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমিয়ে আদালত ও কারা কর্তৃপক্ষের মধ্যে তথ্য আদান-প্রদান আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ই-বেইল বন্ড ব্যবস্থাকে বিচারিক সেবায় প্রযুক্তিনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে জামিন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।