মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য নিয়মিত সরকারি কৃষি প্রণোদনা প্রদান করা হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উচ্চফলনশীল (উফশী) বীজ এবং রাসায়নিক সার (যেমন- ডিএপি ও এমওপি) বিতরণ করা হয়।
পীরগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, বিভিন্ন সবজি ও মসলাজাতীয় ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর ১টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান লিমা, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ৭০০ জন কৃষকের মাঝে জনপ্রিয় উচ্চফলনশীল (উফশী) জাতের রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি পটাশ সার এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
বিতরণী ছিলো গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য ৩০০ জন এবং শীতকালীন বীজ উৎপাদনের জন্য ১৫০ জন কৃষককে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। একইসঙ্গে ২০০ জন কৃষকের মাঝে মরিচের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।