admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ
জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ বলেছেন মৃত্যুকে কাছ থেকে দেখেছি, চলচ্চিত্রে আর নয়। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সুস্থ হয়ে বাসায় ফিরে এবার চলচ্চিত্রকে না বলে দিলেন তিনি। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কাজী হায়াৎ।
তিনি বলেন, করোনা আমাকে ভিন্ন এক উপলব্ধি এনে দিয়েছে। বিশেষ করে আইসিইউতে থাকার সময় মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। তাই এখন অনেকটা সুস্থ হলেও মনটা কেমন যেন হয়ে গেছে। বারবার মনে হচ্ছে- এই অর্থ, যশ-খ্যাতি আর বিত্ত-বৈভব দিয়ে কী হবে! জনপ্রিয় এই পরিচালক ও অভিনেতা বলেন- জীবনে যত কিছুই করি না কেন, আমার চলে যাওয়া তো আটকাতে পারছি না। সুতরাং এখন আর চলচ্চিত্রে থাকবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। অনেক তো করলাম, আমার ক্যামেরার পেছনে কাজ করার বয়স প্রায় বাংলাদেশের বয়সের সমান।
জীবনের এই শেষ সময়ে এসে এখন খুব ক্লান্তি অনুভব করছি। তাই চলচ্চিত্রকে ছুটি দিলাম। বলেন কাজী হায়াৎ। কাজী হায়াৎ তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫০টি সিনেমা পরিচালনা করেছেন। অভিনয় করেছেন বেশ অনেকগুলো সিনেমায়। ক্যামেরার পেছনে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন ১৯৭৪ সালে।