পি কে,রায় বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুম ইছামতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কন্ডু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, স্বাস্ব্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম হোসেন, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন নবী, মৎস্যচাষী মোকাররম মুকুল, কবির সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। তবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে মৎস্য চাষিদের আরও বেশি মনোযোগী হতে হবে। দেশীয় প্রজাতির মাছের চাষ ও প্রজনন নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে অনেক দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষিদেরকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, সহকারি অধ্যাপক মেজবাহুল ইসলামসহ, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।