admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
আজ বুধবার, ২৪ নভেম্বর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ, রেড অ্যালার্ট নয়। রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে আজ বুধবার, ২৪ নভেম্বর, সকালে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রেড অ্যালার্ট নয়, বরং পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর আজ বিকেলে জানিয়েছে, দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে রেড অ্যালার্ট জারি করতে হবে। বরং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল ব্যবস্থা জোরদার এবং পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এতে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।পুলিশ সদর দপ্তরের এআইজি, মিডিয়া অ্যান্ড পিআর,মো.কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সবসময়ই পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়। ইউনিয়ন পরিষদ, ইউপি, নির্বাচনের পরবর্তী ধাপ আগামী ২৮ ডিসেম্বর। এ নির্বাচনে নতুন করে যাতে আর কোনো সহিংসতা না হয়, এ জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
একইভাবে রাজধানী ঢাকায়ও যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে, সে কারণে এখানেও পুলিশ সদস্যদের টহল বাড়ানোর পাশপাশি গোয়োন্দা নজরদারি জোরদার করতে বলা হয়েছে। এটি নতুন কিছু নয়, বরং পুলিশের একটি চলমান প্রক্রিয়া। সুতরাং এই ইস্যুতে কাউকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান।
প্রসঙ্গত, পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, যেসব পুলিশ কর্মকর্তা ঢাকায় কর্মরত, কিন্তু ছুটিসহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন, আজ বুধবার, ২৪ নভেম্বর, দিনের প্রথমভাগেই তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়। একই সঙ্গে ছুটিসহ অন্যান্য কারণে যাদের ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, তাদের সফরও বাতিল করতে বলা হয়েছে এক নির্দেশনায়।