admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ মে, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় সোমবার ও মঙ্গলবার ৪১ হাজার ৬২৫টি পরিবহন বঙ্গবন্ধু সেতু পার হয়েছে। চলমান চতুর্থ দফার লকডাউনে গণপরিবহন খুলে দেওয়া হলেও দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। কিন্তু মানুষের বাড়িমুখো স্রোত বন্ধ রাখা যায়নি। ফেরি চলাচল বন্ধ করেও আবার তা খুলে দিতে এক প্রকার বাধ্য হয় কর্তৃপক্ষ। এ অবস্থায় বঙ্গবন্ধু সেতু দিয়েও চলছে রেকর্ড সংখ্যক যানবাহন। গত ২৪ ঘণ্টায় পার হয়েছে প্রায় সাড়ে ৪১ হাজার পরিবহন। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা) ৪১ হাজার ৬২৫টি পরিবহন বঙ্গবন্ধু সেতু পার হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও এগুলোর মধ্যে বাসের সংখ্যা হবে পাঁচ শতাধিক।
তিনি আরও বলেন, সরকারের নিষেধাজ্ঞা আন্তঃজেলা বাস চলাচলের ওপর। তারপরও বিভিন্নভাবে অনুমতি নিয়ে কিছু বাস যাচ্ছে। তবে মূল ব্যাপারটা হচ্ছে, মানুষ সবকিছুকেই গণপরিবহন বানিয়ে ফেলেছে। ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল- যে যেভাবে পারছে বঙ্গবন্ধু সেতু পার হয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছে।
এদিকে কয়েকদিন বন্ধ থাকার পর মানুষের ভোগান্তি কমাতে ফেরি খুলে দেওয়া হয়েছে। শিমুলিয়া ঘাট ম্যানেজার সালাউদ্দিন বলেন, মানুষকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। গত কয়েকদিন ধরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল ঘাটে। এমনকি অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ফেরি ছাড়লেও তাতে ঝাঁপিয়ে পড়ছে যাত্রীরা। শেষ পর্যন্ত তাই ফেরি চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়েছে।