admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরেই থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই। কারণ এটা একটা মীমাংসিত ইস্যু। উচ্চ আদালতের রায়ের মাধ্যমেই এটা বাতিল করা হয়েছে। জাদুঘরে অবস্থান নেয়া ওই সরকার বাস্তবে আর ফিরবে না। তাই তর্ক-বিতর্ক না করে নির্বাচনে মনোযোগ দেয়া উচিত।
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের কারণে যেসব পরিবার নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মাঝে পুনর্বাসন সাইটে বরাদ্দকৃত জমির দলিল হস্তান্তর করার পর বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।
আজ রোববার (৩ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের মাওয়ায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সেতুমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপির পক্ষ থেকে বারবার নিরপেক্ষ সরকারের কথা বলা হচ্ছে। আসলে নির্বাচনে সরকারের নিরপেক্ষতার কোনো প্রশ্ন নেই। এক্ষেত্রে নিরপেক্ষ থাকতে হয় নির্বাচন কমিশনকে। কারণ সাংবিধানিকভাবে নির্বাচন পরিচালনার সব দায়িত্ব দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে। তাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে সরকার সব ব্যবস্থা নেবে।
ওবায়দুল কাদের বলেন, একটা সময় আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সেটা একটা অতীত বাস্তবতা। সেই সময়ের তুলনায় আমাদের গণতন্ত্র এখন অনেকখানি পরিপক্ক। তাই তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো প্রয়োজন নেই। এক সময় এমন সরকারের অধীনে নির্বাচন হয়েছে বলেই সবসময় তা হতে হবে, এমন কোনো কথা নেই।