admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২১ ৮:৫৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ ৫টি ব্রিটিশ যুদ্ধজাহাজ কিনছে।যুক্তরাজ্যের কাছ থেকে ৫টি যুদ্ধজাহাজ কেনার কথা জানিয়েছেন দেশটি সফররত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের বিষয়ে জানানো হয় এই ব্রিফিংয়ে। বাংলাদেশে নেভাল ফোর্সের কিছু জাহাজ ব্রিটেন পাঠাতে চায় উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, এ নিয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তবে পাঁচটি যুদ্ধজাহাজ নেয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছি আমরা। এর মধ্যে ৩টি যুক্তরাজ্যে এবং ২টি বাংলাদেশে তৈরি হবে। বরিস জনসন-শেখ হাসিনার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তী আগামী বছর। এটি যৌথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যে অবস্থান করা সাজাপ্রাপ্ত অপরাধী ও খুনিদের ফেরত চাওয়া হয়। আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের ফেরত দেয়া হবে বলে আমরা আশা করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে অনেকেই এখন লাইন ধরে থাকেন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে অন্য দেশের নেতাদের সাক্ষাৎ পেতে ঘুরতে হতো আমাদের। এখন সময় বদলে গেছে। শেখ হাসিনার জন্য দেশের ইমেজ বেড়েছে, বিশ্ব দরবারে মর্যাদাও বেড়েছে। বিশ্ব জলবায়ু সম্মেলনে অনেক দেশের নেতা প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মান দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তারা আলাপ করেছেন, এটা দেশের জন্য সম্মানের। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।