admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২১ ৯:০৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ মালদ্বীপকে ১৩ সামরিক যান উপহার দিচ্ছে। দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ১৩টি সামরিক যানের জন্য অনুরোধ জানিয়েছিল বাংলাদেশকে। তাতে সাড়া দিয়ে দেশটিকে সেগুলো উপহার দিচ্ছে ঢাকা। মিলিটারি ডিপ্লোম্যাসির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালে সফরে এসব যান হস্তান্তর করা হবে। আগামী বুধবার, ২২ ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী, ফিরবেন ২৪ ডিসেম্বর। এ সফর নিয়ে আজ রোববার সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দেয়া ১৩ সেনাযান হস্তান্তরের বিষয়ে জানান তিনি। যানগুলো গত ২ ও ১২ ডিসেম্বরের মধ্যে মালদ্বীপে পৌঁছেছে।
বিষয়টি দেখছে বাংলাদেশের আর্মড ফোর্সেস ডিভিশন। এসব যান তারাই নির্বাচন করেছে, আর সেগুলো নিতে আগ্রহ প্রকাশ করে মালে, জানান দক্ষিণ এশিয়া অনু-বিভাগের মহাপরিচালক এটিএম রকিবুল হক। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উন্নত মালদ্বীপে বাংলাদেশি শ্রমবাজার সম্ভাবনা বাড়বে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার ধাক্কা কাটিয়ে দেশটির অর্থনীতি আবার চাঙা হচ্ছে। সেখানকার ৬০টি দ্বীপে নতুন পর্যটন কেন্দ্র তৈরি হচ্ছে, তাতে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
মালে বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক নিতে চায়। প্রধানমন্ত্রীর এবারের সফরে বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মী পাঠানো নিয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে জানিয়ে তিনি বলেন, বেশি বিশেষজ্ঞরা হয়তো যাবে না, চিকিৎসক-নার্সরা যাবে। সম্ভাব্য চুক্তির মাধ্যমে তাদের পাঠানোর সম্ভাবনা তৈরি হবে। সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির ঢাকা সফরে কানেক্টিভিটির ওপরে গুরুত্বারোপ করা হয়েছে, যার কিছুটা অগ্রগতি হয়েছে।
দুটি বিষয়ে একটি বিমান যোগাযোগ, অন্যটি সমুদ্র যোগাযোগ। এর মধ্যে ইউএস-বাংলার ফ্লাইট চালু হয়েছে, বিমানও শিগগির চালু হতে যাচ্ছে। আর শিপিং চুক্তি নৌ-পরিবহন মন্ত্রণালয় শেষ করতে না পারায় পরবর্তীতে সম্পন্ন হবে, বলেন পররাষ্ট্রমন্ত্রী।করোনাকালে অগ্রাধিকার বাণিজ্যচুক্তির খুব একটা অগ্রগতি সম্ভব হয়নি উল্লেখ করে তিনি আরো জানান, এদেশে মালদ্বীপের বন্দি না থাকলেও সেদেশে ৫৩ জন বাংলাদেশি বন্দি আছে। বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনা চলছে, তা এখনো চূড়ান্ত হয়নি।