admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২১ ৮:৩০ পূর্বাহ্ণ
ভারত সফরে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তিন দিনের সরকারি সফরে ভারত গেছেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন স্ত্রী ও দুই কর্মকর্তা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার, ১৯ ডিসেম্বর, রওনা দেন তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর, থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভারত সফরের শুরুতেই বিমানবাহিনী প্রধান অমর জোয়ান জয়তী স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ আব্দুল হান্নান ভারত সফরে দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর সঙ্গে তার সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা উভয় দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
এতে আরো বলা হয়, সফরে ভারতের চিফ অব স্টাফ কমিটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর. হরি কুমারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। অপরদিকে, ভারতে অবস্থানকালে চন্ডিগড় এবং মুম্বাইয়ে অবস্থিত বিভিন্ন সামরিক শিল্প-কারখানা ও সামরিক স্থাপনা পরিদর্শন করবেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আশা করা হয়েছে যে, বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের বিমানবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। একই সঙ্গে বৃদ্ধি পাবে পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি।