admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২২ ৯:০৮ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ নৌবাহিনীর মিসাইল উৎক্ষেপণের মহড়া সমাপ্ত। বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে শেষ হয়েছে এক্সারসাইজ সেফ গার্ড-২০২১। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমূহের বাৎসরিক সমুদ্র মহড়া এটি। যা দীর্ঘ ১৫ দিন ধরে অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর, বুধবার, ১২ জানুয়ারি, এসব তথ্য জানায়। মিসাইল উৎক্ষেপণে নৌবাহিনীর মহড়া সমাপ্ত হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর মহড়ার শেষ দিন বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বানৌজা সমুদ্র অভিযান থেকে সমাপনী দিবসের মহড়াসমূহ প্রত্যক্ষ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এ সময় উপস্থিত ছিলেন।আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, ওপিভি, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ ও নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট দীর্ঘ ১৫ দিনব্যাপী এই মহড়ায় অংশ নেয়।
এ ছাড়া প্রত্যক্ষ ভাবে মহড়ায় অংশগ্রহণ করে হেলিকপ্টারও। একই সঙ্গে মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আরো জানায়, মহড়াটি মোট ৪টি ধাপে অনুষ্ঠিত হয়। মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে ছিল নৌ বহরের বিভিন্ন কলাকৌশল অনুশীলন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, ল্যান্ডিং অপারেশন, লজিস্টিকস অপারেশন এবং উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া প্রভৃতি।
বাংলাদেশ নৌবাহিনীর এ বার্ষিক মহড়ার মূল প্রতিপাদ্য বিষয় ছিল সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ চোরাচালান রোধ, সমুদ্র সম্পদের হেফাজত, উপকূলীয় এলাকায় জীব-বৈচিত্র্য সংরক্ষণ, জলদস্যুতা দমন এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ।