admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২১ ১২:২৯ পূর্বাহ্ণ
বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড়দিন ও থার্টিফার্স্ট নিয়ে নির্দেশনা। করোনার ভয়ংকর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে ঘরের বাইরে বা উন্মুক্ত স্থানে বড়দিন, থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান না করার নির্দেশনা দেয়া হয়েছে। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে সীমিত পরিসরে এসব অনুষ্ঠান করতে বলা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। চিঠিটি পুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। এ ছাড়া বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনকেও নির্দেশনা সংবলিত চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
এতে প্রকাশ্যে সভা-সমাবেশসহ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করতে বলা হয়েছে। প্রতি বছর ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত হয়। এছাড়া ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে থার্টি ফার্স্ট নাইট-এর আয়োজন করা হয়। এসব অনুষ্ঠান বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে উদযাপন করা হচ্ছে। বাংলাদেশেও সব সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান সীমিত করে পালিত হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে।
বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আয়োজন সীমিত রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘কঠোর নজরদারি’ অব্যাহত রাখতে বলা হয়েছে। সেইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয়ভাবে সংশ্লিষ্টদের সঙ্গে সভা-আলোচনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলা হয়। করোনা মহামারির কারণে গত বছরেও বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আয়োজন ঘরের বাইরে বা উন্মুক্ত স্থানে না করার নির্দেশনা দেয়া হয়েছিল। একইভাবে এসব আয়োজন সীমিত রাখতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেয়া হয়।