আব্দুল কাদের জিলানী, ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ৬:২০ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বেগুনবাড়ী ইউনিয়নে প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপি এবং ৪নং বেগুনবাড়ী ইউনিয়নের যৌথ উদ্যোগে পঞ্চপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ফজল মাস্টারের বাড়ি পর্যন্ত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে গাছ লাগানোর পাশাপাশি সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপির ম্যানেজার পিকিং চাম্বুগং জানান, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলতি বছর দেশব্যাপী ১৫ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলায় ৪৭ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং বৃক্ষরোপণের সংস্কৃতি আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।